চট্টগ্রামে কলেজ ছাত্রকে হত্যার দায়ে সহপাঠীর মৃত্যুদণ্ড
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২৩:২৫
নগরীর আইন কলেজের ছাত্র আফসার হোসেন শামীমকে খুনের দায়ে তার সহপাঠী ইদ্রিস আলম বাবুলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় শামীমের বন্ধু মামলার অপর তিন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। এরা হলেন আলী আজম প্রকাশ খসরু, মনির হোসেন ও আব্দুর রউফ প্রকাশ ভুট্টু। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। রায় ঘোষণার সময় চার আসামী আদালতে হাজির ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২০ জুলাই শামীম তার বন্ধু বাবুলের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বাবুলের সঙ্গে যোগাযোগ করলে সে এক লাখ টাকা দাবি করে। এর দুইদিন পর রাউজান উপজেলার বদুপাড়া এলাকা থেকে শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানীয় গ্রাম পুলিশ বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারের পর বাবুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে শামীমকে খুনের কথা স্বীকার করে।
এ মামলায় চার জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল চট্টগ্রাম আদালত এ রায় ঘোষণা করেন।