দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ
প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ২৩:২৫
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৫ উপজেলায় বিজয়ী প্রার্থীদের নামে গেজেট জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই গেজেট নির্বাচন কমিশনে পৌঁছে। বিকালেই শপথবাক্য পাঠ করানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (বিভাগীয় কমিশনার) কাছে গেজেটের কপি সরবরাহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গেজেটের কপি পাওয়ার পর ৩০ দিনের মধ্যে শপথ পাঠ করানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে। এর আগে চলতি সপ্তাহে ঢাকার একটি উপজেলা ছাড়া প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী প্রার্থীদের গেজেট জারি করা হয়।
প্রথম ধাপে ৯৭ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ীদের নামে গেজেট জারি করা হয়। ওই নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৯ ফেব্রুয়ারি। দ্বিতীয় ধাপে ১১৫ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ২৭ ফেব্রুয়ারি।
গেজেট জারি হওয়ার পর যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বিএনপি সমর্থিত একমাত্র নারী উপজেলা চেয়ারম্যান মোছা. সাবিরা সুলতানা ইত্তেফাককে বলেন, ‘খুবই চিন্তায় ছিলাম। আমি বিজয়ী হওয়ার পর থেকে গেজেট স্থগিত করার জন্য প্রতিপক্ষ উঠে পড়ে লাগে। তবে কমিশন যথাসময়ে আমার নাম প্রকাশ করে গেজেট জারি করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।’