ঢাকায় আসছেন ‘আশিকি টু’খ্যাত অরিজিত্ সিং

ইদানীং নিয়মিতই বাংলাদেশে আসছেন বিদেশি তারকারা। বিশেষ করে ভারতীয় তারকারা। গেল বৃহস্পতিবার বাংলাদেশে পারফর্ম করে গেলেন সুরস্রষ্টা এর আর রহমানসহ ভারতের বহু তারকা। সেই ধারাবাহিকতায় এ মাসেই দেশে আসছেন ‘আশিকি টু’ ছবির ‘তুম হি হো’ গানখ্যাত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক অরিজিত্ সিং। আগামী ২১ মার্চ তিনি রাজধানীর হোটেল রেডিসনে পারফর্ম করবেন। এই পারফর্মেন্সের আয়োজন করেছে সিগন্যাল ইভেন্টস। আয়োজক জানান, কোনো উত্সব উপলক্ষে অরিজিত্ সিংকে দেশে আনা হচ্ছে না। এ দেশে তার বহু ভক্তের কথা বিবেচনা করেই দেশের মাটিতে তার একটি কনসার্টের আয়োজন করা হয়। তবে এই কনসার্টের ফাঁকে ভিন্ন একটি উদ্যোগও থাকছে বলে জানান আয়োজক। এটি হলো রানা প্লাজার ক্ষতিগ্রস্থ কিছু পরিবারকে ভবিষ্যতে চলার জন্য ভালো কিছু করার সুযোগ করে দিবেন তারা। অরিজিত্ সিংয়ের বাংলাদেশের এই কনসাট উপলক্ষে আজ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ‘আশিকি টু’ ছবির গান দিয়ে অরিজিত্ সিং জনপ্রিয়তা অর্জন করলেও তিনি ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘জ্যাকপট’, ‘মিকি ভাইরাস’, ‘আর রাজকুমার’, ‘কুইন’, ‘শাদী কে সাইড ইফেক্ট’ চলচ্চিত্রেও গান গেয়েছেন।