সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় ক্রয়কৃত ছয়শত বাস এবং পাঁচশত ট্রাক বিআরটিসি’র বহরে যুক্ত হলে ঢাকা মহানগরী ও আন্তঃজেলা সার্ভিসে গণপরিবহনে সক্ষমতা বাড়বে।
আজ বুধবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ইতোমধ্যে চারশত আশিটি ট্রাক এবং একশত ঊনআশিটি বাস বিআরটিসি’র বহরে যুক্ত হয়েছে। কাদের বলেন, প্রাথমিক পর্যায়ে ১৫টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়ে এ যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানো হবে।
আরো পড়ুন: গ্রিনলাইন পরিবহনের আচরণ ভালো লাগেনি হাইকোর্টের
ঢাকা-নারায়ণগঞ্জ রুটটি পরিচালিত হবে বিআরটিসি’র নারায়ণগঞ্জ বাস ডিপোর মাধ্যমে। রুটটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-মেয়র হানিফ ফ্লাইওভার-সাইনবোর্ড-চাষাড়া-মন্ডলপাড়া।
এ রুটের দূরত্ব ১৮ কিমি. (এক পথে) এবং জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা-চাষাড়া ৫০ টাকা এবং ঢাকা-মন্ডলপাড়া ৫৫ টাকা। উদ্বোধনকালে বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই