সিরিয়ায় ৯৪ নারী ও শিশুকে অপহরণের দাবি বিদ্রোহীদের
প্রকাশ : ১৪ মার্চ ২০১৪, ২১:০৫
সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীরা অন্ততপক্ষে ৯৪ জন নারী ও শিশুকে অপহরণের সত্যতা স্বীকার করেছে। গত বৃহস্পতিবার আল জাজিরায় প্রচারিত এক ভিডিওতে তারা এ দাবি করেন। গত আগস্টে দেশটির প্রেসিডেন্ট আসাদের শক্তিশালী ঘাঁটি লাটাকিয়া গ্রাম থেকে এসব বেসামরিক নাগরিকদের অপহরণ করা হয়। তারা সকলেই দেশটির সংখ্যালঘু আলাউতি সম্প্রদায়ের। প্রেসিডেন্ট আসাদও সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ভিডিও বার্তায় বিদ্রোহীরা বলেন, সরকার যাতে তাদের সর্মথকদের মুক্তি দেয় সেজন্যই এদেরকে বন্দী করে রেখেছে তারা। দেশটিতে যতই সংকট ঘনীভূত হচ্ছে দু’পক্ষেরই বন্দীর সংখ্যা ততই বেড়ে চলেছে। এ মাসেই দেশটিতে যুদ্ধের চার বছর পূর্ণ হবে। ভিডিওতে বলা হয়, গত একবছরেরও বেশি সময় ধরে সরকার তাদের ২ হাজার সমর্থককে আটক করেছে। এসব বন্দীকে মুক্ত করার বিনিময়ে আমরা তাদেরকে ছেড়ে দিতে প্রস্তুত আছি। বিদ্রোহীরা জানায়, তাদের হাতে আটক বেশিরভাগ বন্দী উপকূলীয় অঞ্চল থেকে আসা এবং এদের অর্ধেকই নারী ও শিশু। ভিডিওতে এদের কয়েকজনকে দেখানো হয়। সিরিয়ায় সংখ্যাগরিষ্ঠ সুন্নি গোষ্ঠীর লোকজনের প্রায় সকলেই আসাদ-বিরোধী ও বিদ্রোহীদের সাথে যোগ দিয়েছে। অন্যদিকে সংখ্যালঘুরাই বেশি প্রেসিডেন্টের সমর্থক। গত প্রায় চার বছরের লড়াইয়ে দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।