ভেনেজুয়েলাকে অবশ্যই ‘সন্ত্রাসী প্রচারণা’ বন্ধ করতে হবে :জন কেরি
প্রকাশ : ১৪ মার্চ ২০১৪, ২১:০৫
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ভেনেজুয়েলার সরকারকে অবশ্যই ‘নিজের নাগরিকের বিরুদ্ধে সন্ত্রাসী প্রচারণা’ বন্ধ করতে হবে। কংগ্রেসের একটি কমিটিতে গত বৃহস্পতিবার কেরি বলেন, ভেনেজুয়েলায় বিক্ষোভ নিয়ে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেট (ওএএস), মিত্ররা এবং প্রতিবেশীদের জবাবদিহিতা চাওয়া উচিত। ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হওয়ার পর ওয়াশিংটনের পক্ষ থেকে কেরির এই মন্তব্যটিই সবচেয়ে কঠিন। তিনি বলেন,‘(প্রেসিডেন্ট নিকোলাস) মাদুরো সরকারের সঙ্গে জনগণকে যুক্ত করা, তাদের প্রতি সম্মানজনক ব্যবহার করা, নিজের জনগণের বিরুদ্ধে এই সন্ত্রাসী প্রচারণা বন্ধ করা এবং আশাপ্রদভাবে যথাযথভাবে মানবাধিকারকে শ্রদ্ধা করা শুরু করতে আমরা একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছি।’
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যায় কিনা তা নিয়ে বিতর্ক করছেন। উল্লেখ্য, একমাসেরও বেশি সময় আগে শুরু হওয়া বিক্ষোভে ভেনেজুয়েলায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। ভেনেজুয়েলার অভিযোগ,অস্থিরতার মধ্যে ক্যুর পরিকল্পনা করতে যুক্তরাষ্ট্র ‘ডানপন্থি ফ্যাসিস্টদের’ সহযোগিতা দিচ্ছে।