যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তিতে হতাশা প্রকাশ করেছেন জুকারবার্গ
প্রকাশ : ১৪ মার্চ ২০১৪, ২১:০৬
যুক্তরাষ্ট্রের সার্ভিলেন্স প্রজেক্টের আওতায় এবার ইন্টারনেটে নজরদারি করায় প্রচণ্ড আশাহত হয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। গত বৃহস্পতিবার এ গুপ্তচরবৃত্তির খবর প্রকাশিত হওয়ার একদিন পর তিনি এ মন্তব্য করলেন। জুকারবার্গ বলেন, বরং হুমকি নয়, ইউএস সরকারের ইন্টার-নেটের রক্ষক হওয়া উচিত। তার ব্লগে পোস্ট করে এ কথা বলেন ২৯ বছর বয়সী জুকারবার্গ। এর আগে ফেসবুক সার্ভারে দেশটির ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গোপন নজরদারি চালানোর খবর প্রকাশ করা হয়। তবে এ প্রতিবেদনকে যথার্থ নয় বলে জানিয়েছে এনএসএ। এদিকে যুক্তরাষ্ট্রের এ ধরনের গুপ্তচরবৃত্তির বিষয়টি ইন্টারনেটের ওপরও হতে পারে বলে গত সেপ্টেম্বরে উল্লেখ করেছিলেন জুকারবার্গ। তিনি ব্লগে লেখেন, যখন তার প্রকৌশলীরা দিনরাত পরিশ্রম করে নিরাপত্তার উন্নয়নে কাজ করে যাচ্ছে তখন আমরা আশা করে থাকি আমরা আপনাদের অপরাধীদের হাত থেকে রক্ষা করতে পারব, কিন্তু আমার নিজের সরকার থেকে পারব না। তিনি আরো বলেন, সরকারের উচিত তাদের কাজে-কর্মে স্বচ্ছতা আনা নয়ত জনগণ তাদের ওপর আর আস্থা রাখবে না। গতবছর এনএসএর সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন সর্বপ্রথম তাদের প্রজেক্টের তথ্য ফাঁস করে দেন। তাতে মাইক্রোসফট, ফেসবুক, গুগল অথবা ইয়াহুর মত বিশ্বের নয়টি খ্যাতনামা প্রযুক্তি কোম্পানির সার্ভারে প্রবেশ করে তথ্য চুরির অভিযোগ আনা হয়েছিল।