জাপানের দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্প

জাপানের দক্ষিণ উপকূলের অদূরে শুক্রবার ভোরে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে ১৭ জন আহত হয়েছে। কর্মকর্তারা ভূমিকম্প পরবর্তী ভূমিধস হতে পারে বলে স্থানীয়দেরকে সতর্ক করেছেন। সরকারি টেলিভিশন চ্যানেল এনএইচকে জানায়, এ ঘটনায় ১৭ জন আহত হয়েছে। কারো অবস্থাই আশঙ্কাজনক নয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় রাত ২টা ৬ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৭০৬) আঘাত হানা এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কুনিসাকি নগরী থেকে ১৩ কিলোমিটার (৮ মাইল) উত্তরে। ভূমিকম্পটি ৮২ কিলোমিটার গভীরে আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ঘটনায় সুনামির আশঙ্কা নেই। তবে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।