মঠবাড়িয়ায় বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর জামিন বাতিল

পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামী লীগ অফিসে হামলার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টের জামিনে থাকা বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালসহ ২২ নেতা কর্মীর জামিন আবেদন না মঞ্জুর করেছে নিম্নআদালত। গতকাল বৃহস্পতিবার উচ্চ আদালতের ৪ সপ্তাহের জামিন শেষে বিএনপির নেতা কর্মীরা হাজির না হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিনের প্রার্থনা করলে নিন্মআদালত জামিন না মঞ্জুরের এ আদেশ দেন। ফলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রুহুল আমীন দুলাল ও তাঁর সমর্থকরা প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা চালাতে পারছে না। দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী রুহুল আমীন দুলাল ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের হামলা, মামলা ও হুমকির কারণে আমরা গণসংযোগ করতে পারছি না। উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগে যুবলীগের আহবায়ক আজিজুল হক সেলিম মাতুব্বর বাদি হয়ে ৪০৮ জন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।