আফগান কোচের দাবি
চাপটা বাংলাদেশের ওপরই বেশি
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম
প্রকাশ : ১৪ মার্চ ২০১৪, ২১:৫৭
কাল রবিবার বিশ্বকাপের পর্দা ওঠার দিনই স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। পরের রাউন্ডে যাওয়ার সমীকরণে ম্যাচটি উভয় দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। তাই রয়েছে মানসিক চাপও। তবে চাপের বোঝাটা বাংলাদেশের ওপরই বেশি বলে দাবি করেন আফগান কোচ কবির খান।
গতকাল শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের কাছে প্রস্তুতি ম্যাচে হারের পর তিনি বলেন, পরের রাউন্ডে কারা যাবে তার ফয়সালা অনেকটাই হয়ে যাবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের মধ্যদিয়ে। এ কারণে দুই দলই চাপের মধ্যে রয়েছে। তবে স্বাগতিক দর্শকদের সামনে খেলতে হবে বলে বাংলাদেশের চাপের পরিমাণ খানিকটা বেশি। এছাড়াও এশিয়া কাপে স্বাগতিকদের একবার হারিয়ে নিজেদের মনোবলও খানিকটা বেশি বলে দাবি করেন তিনি।
জিম্বাবুয়ের কাছে হারের কারণে আফগানদের মনোবলে চিড় ধরেছে কিনা জানতে চাইলে কবির খান মাথা নাড়িয়ে বলেন, ‘মোটেই নয়। আমরাতো শুরুই করেছি জয় দিয়ে। প্রথম প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডকে হারিয়েছি। পরের ম্যাচটা হারলে এমন আর কি ক্ষতি।’ বাংলাদেশকে ভালো টি-টোয়েন্টি দল উল্লেখ করে কবির খান বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট ফলাফল যে কোনো দলের পক্ষেই যেতে পারে। তবে বাংলাদেশকে হারানো ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।’