স্পিনেই ভরসা নিউজিল্যান্ডের!
প্রকাশ : ১৪ মার্চ ২০১৪, ২১:৫৮
সর্বশেষ বাংলাদেশ সফরের অভিজ্ঞতাটা তাহলে এবার ভালভাবেই কাজে লাগাতে চাইছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। সেবার বাংলাদেশের স্পিন বিষেই নীল হয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। এবার বাংলাদেশের স্লো-টার্নিং উইকেটে সেই স্পিন দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের ছক কষছেন ম্যাককালাম।
উপ-মহাদেশের উইকেট মানেই এখানে সহায়তা পাবেন স্পিনাররা। আর বাংলাদেশের উইকেট যে স্পিনারদের হয়েই এতোকাল খেলে এসেছে সেটা না বলে দিলেও চলে। ব্রেন্ডন ম্যাককালামও এর পক্ষেই মত দিলেন। এবারের বিশ্বকাপে এসেছেন চার স্পিনার নিয়ে। এই চারজনকেই দলের শক্তির মূল জায়গা হিসেবে দেখালেন ম্যাককালাম, ‘এখানে স্পিন সহায়ক পিচ। বিশেষ করে চট্টগ্রামের পিচ আরো বেশি স্পিন সহায়ক। স্পিনিং ট্রাকের সুবিধা আমরা কাজে লাগাতে চাই। আমাদেরও ভালো স্পিনার রয়েছে। চারজন জেনুইন স্পিনার নিয়ে এসেছি। এসে আমাদের সময় ভালো যায়নি। তাই এবার প্রস্তুতি নিয়ে এসেছি। টি-টোয়েন্টিতে কিছুটা ভাগ্যের দরকার রয়েছে। ভাগ্যের সহায়তা থাকলে আমরা ভালো করবো।’
বাংলাদেশের বিপক্ষে গত অক্টোবর-নভেম্বরের সিরিজের কথা বাদ দিলে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চমত্কার খেলেছে ম্যাককালাম বাহিনী। এই ফর্মই বিশ্বকাপে দলটিকে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন ব্রেন্ডন ম্যাককালাম, ‘ঘরের মাঠে আমরা ভালো খেলে এসেছি। এই আত্মবিশ্বাস আমরা কাজে লাগাতে চাই।’
টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট যেখানে মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে ম্যাচের গতিবিধি। তাই টি-টোয়েন্টিতে ভাগ্যকেও পাশে চান ব্ল্যাক ক্যাপ অধিনায়ক, ‘গত টি-টোয়েন্টিতে দুইটি সুপার ম্যাচেই হেরে যেতে হয়েছে। সুতরাং ভাগ্যেরও দরকার রয়েছে।’ টি-টোয়েন্টি এবারের ফর্মম্যাটটা একটু ভিন্ন। এখানে বাংলাদেশকেও কোয়ালিফাইং রাউন্ড খেলতে হচ্ছে। যদিও এটাকে ইতিবাচকভাবেই দেখতে চান ম্যাককালাম। তার মতে এই অভিজ্ঞতা সুপার টেনে জায়গা পাওয়া দলগুলোকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে, ‘আসলে এটা খারাপ না। কোয়ালিফাইং রাউন্ডে ম্যাচ খেলার আত্মবিশ্বাস নিয়ে তাহলে মূলপর্বে যাওয়া যাবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল করার জন্য শুরুটাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ম্যাককালাম। আগামী ২২ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাদের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড। সেই ম্যাচের কথা বলতে গিয়ে ম্যাককালাম বলেন, ‘ভাল খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। একই সাথে আমরা প্রতিটি দলের শক্তিমত্তার ব্যাপারে শ্রদ্ধাশীল। আমাদের দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। সেজন্য টুর্নামেন্টে আমরা ভাল একটা সূচনা চাই।’