অগ্নিকাণ্ডে তিন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি

ডোমারে একটি পাড়া পুড়ে ছাই নীলফামারীর ডোমার উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পাড়া পুড়ে ছাই, অর্ধ কোটি টাকা ক্ষতিসাধিত হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ি উত্তরপাড়া নাহেলারপাড় গ্রামের হামিদুল ইসলামের গোয়াল ঘরে খড়ের ভুতি দিয়ে গরুর মশা তাড়াতে গিয়ে এ আগুনের সূত্রপাত হলে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে সামছুল হকের ৪টি ঘর, আফজালের ৩টি ঘর, বাবলুর ৩টি ঘর, আব্দুল হাইয়ের ৩টি, বুলুর ৩টি, মালেকের ২টি, তরিকুলের ৩টি, এমদাদুলের ১টি, খালেকের ২টি ও হামিদুলের ৪টি ঘরসহ ৩২টি ঘর, ধান, চাল, ৪টি গরু, ১০টি ছাগল, হাঁস-মুরগি, নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল সম্পূর্ণরূপে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। বোদায় অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি পঞ্চগড়ের বোদা পৌর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতবাড়ি আসবাবপত্র মালামালসহ নগদ অর্থ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে বোদা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার নাজিরপাড়া গ্রামের ব্যবসায়ী শাহদত প্রধানের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে বসতঘর,আসবাবপত্র মালামালসহ নগদ টাকা সর্বস্ব আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে বোদা ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফতুল্লায় তুলা ও ঝুটের গুদামে অগ্নিকাণ্ড নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় বৃহস্পতিবার বিকেলে আগুনে পুড়ে গেছে অন্তত ২০টি তুলা ও ঝুটের গোডাউন। এতে প্রায় কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১০জন। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম জানান, বিকেল ৩টায় জালকুড়ি কাঠপট্টি এলাকাতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাতাস থাকায় দ্রুত আগুন আশেপাশের গোডাউনেও ছড়িয়ে পড়ে। ওই স্থানে অন্তত ২০টির মত গুদাম রয়েছে। আগুনে প্রায় সবগুলো গুদামের মালামাল পুড়ে যায়। ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে। কচুয়ায় মুক্তিযোদ্ধার ২টি দোকানে দুর্বৃত্তদের আগুন বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটের কচুয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোররাতে কে বা কারা বাগেরহাট চিতলমারী সড়কের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের ফুলতলা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। দু’টি দোকানের মালিক হলেন, মুদি দোকানী মুক্তিযোদ্ধা শেখ মাহামুদ হোসেন ও কীটনাশকের দোকানী মো. মতিয়ার রহমান। ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডের ফলে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এই খবর পেয়ে বাগেরহাট সহকারী পুলিশ সুপার ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।