রাঙ্গুনিয়ায় দু’দলেই রয়েছে বিদ্রোহী প্রার্থী
মোহাম্মদ আলী, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)
প্রকাশ : ১৪ মার্চ ২০১৪, ২২:১০
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি‘র মর্যাদার বিষয় হলেও একক প্রার্থী মনোনয়ন দিতে ব্যর্থ হয়েছে উভয় দল। রাঙ্গুনিয়ায় উভয় দলে রয়েছে বিদ্রোহী প্রার্থী। আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনকে ঘিরে উভয় দলে বিদ্রোহী প্রার্থী নিয়ে চলছে উত্কণ্ঠা। নির্বাচনে এবার আওয়ামী লীগ ও বিএনপি ব্যতীত অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না।
এর মধ্যেও আওয়ামী লীগ বিএনপি সমর্থিত প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এবং জয়-পরাজয়ের হিসেব-নিকেশ করা হচ্ছে এলাকায়। নির্বাচনে রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৬ জন।
আওয়ামী লীগে একক প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত ব্যর্থ হওয়ায় পরস্পরের বিদ্রোহীতায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জসিম উদ্দিন (ঘোড়া) এবং মোহাম্মদ আলী শাহ (দোয়াত-কলাম) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্তে একক প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আব ুআহমদ হাসনাতকে ঘোষণা দিলেও সাকা চৌধুরী পরিবারের সমর্থনপুষ্ট উপজেলা যুবদলের আহবায়ক কতুবউদ্দিন বাহার বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দলীয় শৃংখলা ভঙ্গের কারণে ইতিমধ্যে কতুবউদ্দিন বাহারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র জানায়।
বিএনপি’র একক মনোনীত প্রার্থী আবু আহমদ হাসনাত (টেলিফোন) এবং বিদ্রোহী প্রার্থী কতুবউদ্দিন বাহার (কাপ পিরিচ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে রয়েছেন, বিএনপি’র অপর বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ইউসুফ চৌধুরী। এদিকে মোহাম্মদ ইউসুফ চৌধুরী দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশে ইতিমধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বলে জানা যায়। নাগরিক কমিটির ব্যানারে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় আছেন শামীম আহমেদ চৌধুরী।