আখাউড়ায় জনতার মুখোমুখি প্রার্থীরা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৪ মার্চ ২০১৪, ২২:১০
আখাউড়ায় প্রার্থীরা দু’হাত তুলে অঙ্গীকার করেন দুর্নীতি মুক্ত সমাজ গঠনে। জনগণের মুখোমুখি হয়ে উপজেলা নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা এ অঙ্গীকার করেন। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস.এম শাহাজাদা খাদেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মো. সফিকুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খুরশিদ শাহরিয়ার। বক্তৃতা করেন চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম ভূঁইয়া, মুসলিম উদ্দিন ভূঁইয়া, মাহবুবুল আলম ভুঞা, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো.মুরাদ হোসেন ভূঁইয়া ও জসিম মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক আমানুল্লাহ। এতে এলাকার প্রায় শতাধিক ছাত্র, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। প্রার্থীরা বলেন নির্বাচিত হতে পারলে নিজেকে দুর্নীতি থেকে মুক্ত রেখে জনগণের কল্যাণে কাজ করব। পরে প্রার্থীরা হাত তুলে অঙ্গীকার করেন দুর্নীতি মুক্ত সমাজ গঠনে।