দৌলতপুরে বড় দলে একাধিক বিদ্রোহী

আগামী ২৩ মার্চের নির্বাচনে দৌলতপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির দু’জন করে প্রার্থী লড়াইয়ে নেমেছেন। এছাড়া জাসদ (ইনু) ও জাতীয় পার্টির (এরশাদ) একজন করে প্রার্থী রয়েছেন। এদিকে বড় দুটি দলের একাধিক প্রার্থী থাকায় তাদের কর্মী সমর্থকরা অনেকটা দ্বিধা-দ্বন্দ্বে পড়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজউদ্দিন আহমেদ গত ১৮ ফেব্রুয়ারি দলীয় সভা আহবান করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল হক রেজুকে প্রার্থী ঘোষণা করেন। নির্বাচনে তিনি মোটর সাইকেল প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন। দৌলতপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী সমর্থিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও আড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আল মামুন হেলিকপ্টার প্রতীক নিয়ে লড়ছেন। উপজেলা বিএনপির ( বাচ্চু মোল্লা গ্রুপ) সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল দোয়াত কলম প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। বিএনপির অপর অংশের সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন গ্রুপের প্রার্থী হিসাবে সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নুরুজ্জামান হাবলু মোল্লা আনারস প্রতীক নিয়ে ভোট প্রার্থনা করছেন। এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) একক প্রার্থী উপজেলা জাসদের যুগ্ম আহবায়ক শরিফুল কবির স্বপন কাপ পিরিচ, জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী কোরবান আলীর ভাতিজা উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আলী আকবর টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।