সব ম্যাচকেই সমান গুরুত্ব দিচ্ছেন ধোনি

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, বিশ্বকাপের প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে দেখছে তার দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় এসেই তিনি এ অভিমত দেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন তথা মূল পর্ব শুরু হতে এখনও বাকি পাঁচ-ছয়দিন। এর মধ্যেই ভারতীয় গণমাধ্যমের তোপের মুখে পড়েছেন ধোনি ও কোচ ডানকান ফ্লেচার। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গতকাল শুক্রবার সকালে দেশ ছাড়ে ধোনির দল। কিন্তু বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হতে অস্বীকৃতি জানান তিনি। ভারতে সাংবাদিকদের মুখোমুখি না হলেও বাংলাদেশে এসে কথা বলতে হয়েছে ধোনিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল সংবাদ সম্মেলন বলে কথা। সেখানেই ভারতীয় অধিনায়ক জানালেন যে, আসন্ন বিশ্বকাপের প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিচ্ছে তার দল। নিজ দেশের গণমাধ্যমের সামনে ধোনির মুখ না খোলার কারণ জানিয়েছেন বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব সঞ্জয় প্যাটেল। তার মতে, বাংলাদেশে পৌঁছেই গণমাধ্যমের সামনে কথা বলতে হবে বলে ভারতীয় দলের দেশ ছাড়ার আগে কোন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়নি। ভারত ২১ মার্চ নিজেদের প্রথম ম্যাচে খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে ধোনি তাই জানালেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ম্যাচটিই শুধু নয়, তারা ভাবছেন গোটা টুর্নামেন্ট নিয়েই। ধোনি এক প্রশ্নের জবাবে বলেন, ‘শুধু ভারত-পাকিস্তান নয়, সব ম্যাচের দিকেই আমরা তাকিয়ে রয়েছি। আমাদের কাছে সবগুলো ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। কারণ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচ হেরেই আমাদের বিদায় নিতে হয়েছিল। সুতরাং এবার আমরা সবগুলো ম্যাচেই সমান গুরুত্ব দিতে চাই।’ ক্রিকেটের সংক্ষিপ্ত ঘরানার বিশ্বকাপে ২০০৭ সালের উদ্বোধনী আসরটিই জিতে নিয়েছিল ধোনির নেতৃত্বাধীন ভারত। গেল আসরে ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা। কিন্তু সাম্প্রতিক সময়ে দলটির পারফরম্যান্স মোটেও সন্তোষজনক নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে এক সিরিজ কাটানোর পর কদিন আগে শেষ হওয়া এশিয়া কাপেও ফাইনালের আগেই বাদ পড়েছে ভারত। এবার নিজের দলের সম্ভাবনার কথা বলতে গিয়ে ধোনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটটা আসলে অদ্ভুত। এখানে যেকোনো কিছুই ঘটতে পারে। টি-টোয়েন্টির ধরন ভিন্ন। তিন ঘণ্টার এই ম্যাচে যেকোনো টিম ভালো খেলতে পারলেই ম্যাচ জিতে নেবে।’ সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স ভাল না হলেও নিজেদের প্রতিভা অনুযায়ী খেলতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে হাসিমুখে দেশে ফেরা সম্ভব বলেই মনে করছেন ধোনি, ‘বিশ্বকাপে চাপ থাকবেই। তবে এমন কোনো চাপ আমাদের নেই। এটা সত্যি, সামপ্রতিককালে দেশের বাইরে কিছু ম্যাচ ভালো খেলতে পারিনি। তবে এবার ভাল করার ব্যাপারে আমরা আশাবাদী।’ অন্যান্য দলের শক্তি নয়, বরং নিজের দল নিয়েই বেশি ভাবছেন ধোনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া-পাকিস্তান বা অন্য কোন দলে টিম কম্বিনেশন নিয়ে চিন্তা করছি না। নিজেদের দল নিয়েই বেশি ভাবছি এখন। অধিকাংশ দলই বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। যে কারণে একে অন্যের সঙ্গে মুখোমুখিও কম হয়েছে।’ বাংলাদেশের কন্ডিশন আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাজে দিবে বলেই মনে করছেন ধোনি, ‘আইপিএলে খেলার মান উন্নত। আইপিএল খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে। তাছাড়া ভারত ও বাংলাদেশের কন্ডিশন প্রায় একই রকম। সব মিলিয়ে খেলাটা কষ্টকর হবে না।’