উপজেলা নির্বাচনের আগে বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত ১৬

নির্বাচনের আগের দিন দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় পিরোজপুরে একজন, শরীয়তপুরে ১৫ জন আহত হয়েছেন। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় প্রত্যাহার করা হয়েছে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাতজন প্রিজাইডিং অফিসারকে। শরীয়তপুর প্রতিনিধি পুলিশ ও স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে সদর উপজেলা পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহবুব মোর্শেদ টিপুর সমর্থকদের বাড়িতে হামলা চালায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হাসেম তপাদারের সমর্থকরা। এ সময় সূর্যবান বিবি, রিনা বেগম ও শহিদুল ইসলাম আহত হয়। হামলাকারীরা ছয়টি বসতঘর ভাংচুর করে। অন্যদিকে নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হক ও অপর চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন খানের সমর্থকদের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইসমাইল হকের সমর্থকদের ওপর আনোয়ার হোসেনের সমর্থকরা হামলা চালায়। আহতরা হলেন বাদল খলিফা, হারুন খলিফা, মোহাম্মদ আলী বেপারী, সুমন ওস্তাগার, আলী আজগর দেওয়ান, রতন ওস্তাগার, মফিজুল হক, নুুরুল ইসলাম, সজিব ছৈয়াল, হাসান ছৈয়াল, জোবায়ের আহম্মেদ ও দেলোয়ার হোসেন। এই ঘটনার সূত্রে পুলিশ ছায়েব বেপারী, মকবুল মোল্যা ও কাশেম খান নামক তিন ব্যক্তিকে আটক করেছে। পিরোজপুর অফিস জানায়, পিরোজপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব আকন দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিত্সার জন্য প্রথমে খুলনায় ও পরে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার রাত নয়টার দিকে পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনি উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী এলিজা জামানের নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফিরছিলেন। সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাতজন প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে নির্বাচনী কর্মকর্তাদের কাছে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি হস্তান্তরকালে তাদের প্রত্যাহার করা হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার মুহসিন আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে অযোগ্যতা ও বিভিন্ন ধরনের বিতর্ক রয়েছে।