আগামী জুনের মধ্যে জামায়াতকে নিষিদ্ধের ব্যবস্থা নেয়া হবে

আগামী জুনের মধ্যে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘মুক্তির উত্সব’ অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এদিকে, মুক্তির উত্সবে মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তির সহিংসতা রুখতে সর্বদা সজাগ ও সচেষ্ট থাকার শপথ নিয়েছে শিশু-কিশোররা। একই সঙ্গে তারা শপথ নিয়েছে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেয়ার। স্কুল-পড়ুয়া শিশু-কিশোরদের শপথবাক্য পাঠ করান বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী। অনুষ্ঠানে বিভিন্ন পর্বে বক্তৃতা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জনপ্রিয় কথাসাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, জিয়া উদ্দীন তারিক আলী, প্রাবন্ধিক-গবেষক মফিদুল হক প্রমুখ। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিরা যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা অত্যন্ত মহত্ এবং মহান দায়িত্ব। তিনি আগত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে গড়ে তোলার আহ্বান জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াত ইসলামকে এ দেশে নিষিদ্ধ ঘোষণা করার পরিকল্পনা সরকারের আছে এবং তারা নিষিদ্ধ হবেই। তিনি বলেন, শিশুরাই আগামী দিনে এই দেশকে পরিচালনা করবে। তাই তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় বড় হতে হবে। অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, বাংলাদেশের মানুষের হতাশ হওয়ার কিছু নেই, কারণ তারা জানে তরুণ প্রজন্ম দেশকে অনেক ভালোবাসে। তাই তোমরা তাড়াতাড়ি বড় হও, দেশের দায়িত্ব নাও। ছায়ানটের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে উত্সবের সূচনা হয়। সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা উত্সবে রাজধানী ও এর বাইরের কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। উত্সব উপলক্ষে লাল-সবুজের সাজে সাজানো হয়েছিল খেলার মাঠকে। দেশের গান, নৃত্য আর জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা শিক্ষার্থীদের বিমোহিত করে। নেচে-গেয়ে উত্সবে আনন্দমুখর সময় পার করে তারা।