কাশিয়ানীতে স্কুলের মাঠে হাট, পড়াশোনায় ব্যাঘাত

গোপালগঞ্জের কাশিয়ানীতে কামারোল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাট বসছে। হাটের কোলাহলে স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। ওই উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল ৪৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সপ্তাহে দু’দিন হাট বসে। এতে ওই বিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ নষ্ট হওয়া ছাড়াও স্কুলের আশ-পাশ নোংরা নচ্ছে। কিছু প্রভাবশালী ব্যক্তির স্বার্থে হাটটি অন্যত্র স্থানান্তর করা হচ্ছে না বলে অভিভাবকরা অভিযোগ করেছেন। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিদ্যালয়টির মাঠে সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার হাট বসে আসছে। বর্তমানে এ বিদ্যালয়ে ৪২৬ জন ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। শিক্ষার পরিবেশ ঠিক রাখতে বিদ্যালয়ের মাঠ থেকে হাটটি সরিয়ে অন্যত্র নেয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সচেতন মহল। বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী অমিতোষ বালা বলেন, হাটের কোলাহলে আমাদের পড়াশোনায় ব্যাঘাত হয়। বার বার হাট অন্যত্র সরিয়ে নেয়ার দাবি করা হলেও তা করা হচ্ছে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খানম বলেন, দীর্ঘদিন ধরে স্কুলের মাঠে এ হাট বসে আসছে। শত চেষ্টা করেও হাট সরানো সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে হাট মাঠের এক পাশে সরিয়ে দেয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন, এটি গ্রাম্য হাট, তাই এলাকার স্বার্থে বিদ্যালয়ের মাঠে বসতে দেয়া হয়। এতে বিদ্যালয়ের তেমন কোনো ক্ষতি হচ্ছে না বলে তিনি দাবি করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জামালউদ্দিন খান বলেন, বিদ্যালয়ের মাঠে হাট বসে এমন তথ্য আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখছি। এ ব্যাপারে কাশিয়ানী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে ভালোভাবে জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।