‘আউটসাইডার’-এর কারিগরি মঞ্চায়ন অনুষ্ঠিত

ঢাকা থিয়েটার ৩৯তম প্রযোজনা হিসেবে মঞ্চে উপস্থাপন করতে যাচ্ছে বিশ্বখ্যাত লেখক আলব্যের কাম্যুর উপন্যাস ‘আউটসাইডার’। এরই অংশ হিসেবে গত ১৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির কারিগরি মঞ্চায়ন ও প্রেস শো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ এপ্রিল জাতীয় নাট্যশালার মূলমঞ্চে এই নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে। আলব্যের কাম্যুর ‘আউটসাইডার’-এর অনুবাদ ও নাট্যরূপ দিয়েছেন রুবাইয়াত্ আহমেদ এবং পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। এতে অভিনয় করছেন রফিকুল ইসলাম, মোস্তফা রতন, হাসনাত মিথুন, তসলিমা চুমকি, মিলু চৌধুরী, জয়শ্রী মজুমদার লতা, সাজ্জাদুর সাজ, তরিকুল ইসলাম লিটন, সাজ্জাদ রাজীব প্রমুখ। উল্লেখ্য, বিখ্যাত ফরাসি লেখক আলব্যের কাম্যু একাধারে লেখক, সাংবাদিক, দার্শনিক। তিনি তার সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ ১৯৫৭ সালে অর্জন করেন নোবেল পুরস্কার। ‘দ্য আউটসাইডার’ এই লেখকের সম্ভবত জনপ্রিয়তম উপন্যাস, ফরাসি ভাষার যার নাম ‘লেত্রঁজে’। এটি ‘দ্য স্ট্রেঞ্জার’ নামেও ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে।