সংবাদ কণিকা
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ২১:২৫
ক্যাথলিক নানকে গণধর্ষণের দায়ে ৩ ব্যক্তি দোষী সাব্যস্ত
ভারতের একটি আদালত ক্যাথলিক নানকে (সন্ন্যাসিনী) গণধর্ষণের অভিযোগে শুক্রবার তিন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে। দেশটির পূর্বাঞ্চলে ২০০৮ সালে খ্রিস্টান বিরোধী ঐ সহিংস ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়। একজন হিন্দু পুরোহিতকে হত্যার কয়েক দিন পর ২০০৮ সালের ২৫ আগস্ট দাঙ্গাকারীরা ওই নানকে যৌন নির্যাতন করে। উপকূলীয় উড়িষ্যা রাজ্যে হিন্দু পুরোহিত হত্যার পর হিন্দুরা খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের ওপর প্রতিশোধমূলক হামলা চালায়। অভিযুক্তদের একজন ধর্ষণের দায়ে এবং অপর দু’জন একজন নারীর শ্লীলতাহানির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। —এএফপি
মেক্সিকোতে মানব পাচারের সুড়ঙ্গ আবিষ্কার
মেক্সিকান কর্তৃপক্ষ সীমান্তবর্তী তিজুয়ানা শহরে একটি সুড়ঙ্গ আবিষ্কার করেছে। কোন কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে মানব পাচারের লক্ষ্যে এটি তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। দেশটির জাতীয় অভিবাসন ইনস্টিটিউট বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, সন্দেহভাজন তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
পৃথিবীতে বসে মহাকাশের ময়লা পরিষ্কার!
মহাকাশে অনেকদিন থেকেই ময়লা জমছে। কখনো সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়নি। ফলে এত জঞ্জাল জমে গেছে যে, বিজ্ঞানীরা তা নিয়ে এখন চিন্তিত হয়ে পড়েছেন। চিন্তার কিন্তু অনেকগুলো কারণও আছে। জার্মান বিজ্ঞানীরা মহাকাশের ময়লা সরাতে লেজার রশ্মিকে কাজে লাগানোর চেষ্টা করছেন। একই বিষয়ে গবেষণা করছেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানীও। অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ম্যাথু কোলেস মনে করছেন, পৃথিবীতে বসইে আগামী ১০ বছরের মধ্যে লেজার রশ্মি দিয়ে মহাকাশের আবর্জনা পরিষ্কার করা সম্ভব হতে পারে। -রয়টার্স
অ্যানা ফ্রাঙ্কের বই ধ্বংসের অভিযোগে গ্রেফতার ১
জাপান পুলিশ অ্যানা ফ্রাঙ্কের বই, ডায়েরি এবং তা সম্পর্কিত কিছু কপি নষ্ট করার সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। তাঁর তিন শতাধিক কপি বই টোকিওর বিভিন্ন পাবলিক লাইব্রেরী ও দোকানগুলোতে ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। গ্রেফতারকৃত ৩৬ বছর বয়সী সন্দেহভাজন বেকার ব্যক্তি কি কারণে ঐ সমস্ত বইপত্র নষ্ট করল তা পুলিশ এখনও জানতে পারেনি। তবে পুলিশ অ্যানা ফ্রাঙ্কের বই ও কাগজপত্র নষ্ট করার পিছনে ঐ ব্যক্তির কি উদ্দেশ্য ছিল, তা খুঁজে বের করার চেষ্টা করছে। — বিবিসি