মিঠাপুকুরে খোলা আকাশের নিচে পাঠদান

উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন যাবত্ খোলা আকাশের নিচে ক্লাস করছে। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে টিনসেট ঘরে পাঠদান শুরু হয়। ১৯৯৪ সালে বিদ্যালয়টি পুনঃনির্মাণ হয়। প্রায় প্রতি বছরেই অত্র বিদ্যালয় হতে অনেক ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করে। বর্তমানে অত্র বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ২শ’ ৯০ জন। নিম্নমানের কাজ করায় বিদ্যালয়ের শ্রেণী ও অফিস কক্ষ নির্মাণের কয়েক বছরের মধ্যেই ভিতরের ছাদে ফাটল ধরে এবং বিভিন্ন অংশ প্রতিদিনই ধসে পড়ছে। অধিকহারে ছাদের ফাটল ও ধসে পড়ায় শঙ্কিত শিক্ষক ও কোমলমতি ছাত্র-ছাত্রীরা। যে কোন সময় ঝড়, আবহাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার আশংকা রয়েছে। এতে মেধাবী শিক্ষার্থীদের মেধাবিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। অভিভাবকরা জানান, বর্ষা মৌসুমে কীভাবে ছাত্র-ছাত্রীরা খোলা আকশের নিচে ক্লাস করবে। এলাকাবাসী, শিক্ষক, অভিভাবক মহল বিষয়টি সুনজরে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেক দৃষ্টি কামনা করেছেন। সেই সঙ্গে বিদ্যালয়টি পুনঃনির্মাণ করে কোমলমতি ছাত্র-ছাত্রীদের হতাশা দূর করে ক্লাসে মনোযোগী করার জন্য অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহা. হারুন-অর-রশীদ জানান, বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। যত দ্রুত সম্ভব বিদ্যালয়ের সমস্যা সমাধানের কথা জানান তিনি।