মির্জাপুরে মা ও মেয়েকে বাড়ি থেকে উচ্ছেদ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ২১:৩০
একটি সন্ত্রাসী বাহিনী নিরীহ পরিবারের অসহায় এক মা ও তার এসএসসি পরীক্ষার্থী কন্যাকে পিটিয়ে আহত করে বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে জামুর্কি ইউনিয়নের সাটিয়াচড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
অসহায় পরিবারের সদস্য মা নয়তন বেগম(৪৫) এবং তার কন্যা রুনা (১৫) হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ।
নয়তন বেগম অভিযোগ করেন,সন্ত্রাসী এই চক্রটি তাদের বাড়িঘর দখল করার জন্য দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। তিনি বাড়িঘর রক্ষার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিলে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তার ভাই আব্দুর রহমান , ভাতিজা শাহীন, চাচাতো ভাই আব্বাছসহ ৭/৮ জন সন্ত্রাসী মিলে তাকে ও তার এসএসসি পরীক্ষার্থিনী মেয়ে রুনাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নয়তনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এবং রুনাকে জামুর্কি সরকারি হাসপাতালে ভর্তি করেছে।