ফুলবাড়িতে আওয়ামী লীগের একক প্রার্থী বিভক্ত বিএনপি

আগামী ২৩ মার্চে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও বিভক্ত বিএনপি। ফলে বিএনপি’র নেতা-কর্মীসহ সমর্থকেরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। অপরদিকে দলীয় কোন্দল মিটিয়ে একক প্রার্থী নিয়ে উপজেলাতে শক্ত অবস্থানে রয়েছে আওয়ামী লীগের প্রার্থী। মার্কা বরাদ্দ না হলেও কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের বাড়ি বাড়ি গণসংযোগ। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সমর্থিত দিনাজপুর-৫ (ফুলবাড়ি-পার্বতীপুর) আসনের ৬ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, উপজেলা বিএনপি’র নেতা-কর্মীদের সমর্থন নিয়ে জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ মনসুর আলী সরকারের ভাগিনা পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত্ আলী সাহাজুল এবং জাতীয় পার্টির জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এড. মো. নূরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল নেতা-কর্মীদের ভোটে মনোনীত উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. গোলাম মওলা রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া হোসেন জাকির, উপজেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল মো. মঞ্জুরুল কাদির বাবু, স্বতন্ত্র মো. আবু মুসা ও উপজেলা তাঁতি দলের আহবায়ক তাজমিলুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি’র বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মিনারা বেগম, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ভোটে মনোনীত সাবেক পৌর কাউন্সিলর মোছা. নিরু সামসুন্নাহার ও বিএনপি’র মোছা. হাসিনা পারভীন।