বাকৃবিতে এ্যানিমেল হাজবেন্ড্রি ডে পালিত

‘সুস্থ সবল জাতি চান- পশুপালন শিক্ষার প্রসার বাড়ান’-স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে এ্যানিমেল হাজবেন্ড্রী ডে। এছাড়াও দিবসটিকে জাতীয় গবাদিপশু পালন দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও গ্রাজুয়েটরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গরু, মহিষ ও ঘোড়ার গাড়ি সুসজ্জিত র্যালির মধ্যদিয়ে শুরু হয় দিবসটি উদযাপন। র্যালির উদ্বোধন করেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। র্যালিতে পশুপালন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এ্যানিমেল হাজবেন্ড্রী গ্রাজুয়েটরা পশুপালন সম্পর্কিত স্লোগান সম্বলিত ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। আয়োজন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আল মামুনের সঞ্চালনায় ও আহবায়ক অধ্যাপক ড.এস ডি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যানিমেল হাজবেন্ড্রী অনুষদের ডীন অধ্যাপক ড. আব্দুল ওয়াদুদ, বাহা’র সভাপতি অধ্যাপক ড. জসিমউদ্দিন খান।