পাবনা-সুজানগর সড়কে যাত্রী ছাউনি না থাকায় জনদুর্ভোগ
সুজানগর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ২১:৩৪
পাবনা-সুজানগর সড়কের কোথাও যাত্রী ছাউনি না থাকায় সীমাহীন জনদুর্ভোগ দেখা দিয়েছে। এ সড়কে প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস, টেম্পু ও সিএনজি চলাচল করে। পাবনা সদর এবং সুজানগর উপজেলার হাজার হাজার নারী-পুরুষ উক্ত সড়ক হয়ে ওই সকল যানবাহনযোগে জেলার বিভিন্ন স্থানে যাতায়াত করে। সেই সাথে এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও একই সড়ক হয়ে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে যায়। অথচ দীর্ঘদিন উক্ত সড়কের কোথাও কোন যাত্রী ছাউনি নেই। ফলে এ সড়কের যাত্রীদের রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে হয়। বিশেষ করে রোদ উপেক্ষা করে যানবাহনের জন্য অপেক্ষা করা গেলেও বৃষ্টিকে উপেক্ষা করা কঠিন হয়ে পড়ে। এ ক্ষেত্রে অবশ্য পুরুষ যাত্রীদের চেয়ে মহিলা যাত্রীদের বেশী দুর্ভোগের শিকার হতে হয়। অনেক সময় বৃষ্টির কারণে মহিলা যাত্রীদের সড়কের আশপাশের দোকানপাট বা অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়।