এশিয়ান গেমস হকির বাছাই

বাংলাদেশের অভিযান শুরু আজ

ওয়ার্ল্ড হকির এক নম্বর গ্রুপে চ্যাম্পিয়ন আর এশিয়া কাপ হকির বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে খেলাটিকে নিয়ে একটা জাগরণ তৈরি হয়েছিল। কিন্তু এশিয়া কাপ হকি টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে গিয়ে বাংলাদেশের পারফরম্যান্স লজ্জায় ফেলেছিল। এরপর নানা বিতর্কে হকি ছিল ব্যাকফুটে। সঙ্গত কারণেই হতাশায় ডুবে যাওয়া বাংলাদেশের হকিকে পুনরায় জাগিয়ে তোলার প্রত্যাশায় নতুন অভিযানে আজ হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিকরা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকাল ৪টায়। এটিএন বাংলা খেলা সরাসরি সমপ্রচার করবে। এশিয়ান হকির বাছাই পর্বে আট দেশ খেলছে। এর মধ্যে এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বে উঠবে ছয়টি দেশ। বাংলাদেশ নিজেদের ফেভারিট ঘোষণা না করলেও নির্ভার। মনে করছে ছয় দলের চূড়ান্ত তালিকায় বাংলাদেশ থাকবে। যে কারণে বাংলাদেশ দলের পাকিস্তান কোচ নাভিদ আলম বলছিলেন তিনি কোনো চিন্তা করছেন না। অনুশীলনের আগে মাঠে নামার সময় পাকিস্তানী কোচ বলছেন চ্যাম্পিয়ন হওয়া এখন তার লক্ষ্য। বাংলাদেশ দলে অভিজ্ঞ এবং সিনিয়র কয়েকজন খেলোয়াড় নেই। এশিয়া কাপ হকিতে খেলা জিমি, জাহিদ, ইমরান হাসান পিন্টু, কামরুজ্জামান রানা নেই। এছাড়াও জাতীয় দলের ক্যাম্পে না থাকা আসাদুজ্জামান চন্দনকেও বাদ দেয়া হয়। বিভিন্ন কারণে হকি ফেডারেশন দেয়া শাস্তি ভোগ করছেন খেলোয়াড়রা। এই পাঁচ খেলোয়াড়ের অনুপস্থিতি দেশের হকিতে বড় ধরনের শূন্যতা সৃষ্টি করেছে। তাদের শূন্যতা পূরণ করতে নতুন আনকোরা খেলোয়াড় জাতীয় দলে নিয়েছেন পাক কোচ নাভিদ আলম। ঠাঁই দিতে হয়েছে বাবু, মনিরুজ্জামান রকি, বেলাল হোসনকে। এই তিনজন জাতীয় দলে একেবারেই নতুন। এছাড়াও সাদেকুর রহমান শিটুল, রুম্মন আলী এবং সাব্বির রানাকে নেয়া হলেও তারা গত আগষ্টে মালয়েশিয়ায় এশিয়া কাপ হকির কয়েকটি ম্যাচে খেলেছিলেন মাত্র কয়েক মিনিট করে। তারপরও এদের নিয়েই মাঠে নামতে হবে অধিনায়ক মামুনুর রহমান চয়নকে। দলে ফিরিয়ে আনা হয়েছে শেখ নান্নু এবং সারোয়ারকে। এদের সাথে চয়নের শক্তি মইনুল ইসলাম কৌশিক, পুস্কর খিসা মিমো, অসিম গোপ, হাসান জোবায়ের নিলয়, কৃষ্ণ কুমার, খোরশেদুর রহমান। কোচ নাভিদ বলেছেন, ‘হকির দর্শকরা দেখতে পাবেন নতুন বাংলাদেশকে।’ অধিনায়ক চয়নের আত্মবিশ্বাসটা বেশি। ভালো খেলবেন এবং চ্যাম্পিয়ন হয়ে ইনচিয়ন যেতে চান তিনি। বাংলাদেশ প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশ কেমন করে সেটা দেখার অপেক্ষায় এখন হকি দর্শকরা। তবে পরিসংখ্যান বলছে বাংলাদেশ হংকংয়ের সাথে যে ১২ বার মুখোমুখি হয়েছে তাতে সাতবার জিতেছে। একবার ড্র করে এবং চারটিতে হারে। সর্বশেষ মুখোমুখিতায় ৬-১ গোলে জিতেছে, সেটা দিল্লীতে ওয়ার্ল্ড হকি লিগের এক নম্বর রাউন্ডে। আর ঢাকায় এশিয়ান গেমস হকির বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশ ২-২ গোলে ড্র করে হংকংয়ের সাথে। ওমানের জয়, শ্রীলংকা-কাতারের ড্র ওমান ইসলামী ব্যাংক এশিয়ান হকির বাছাই পর্বে জয় দিয়ে শুরু করেছে। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ওমান ১-০ গোলে হারিয়েছে চাইনীজ তাইপেকে। ৪৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন খালফান কাসিম ডি সিমানায়। তিনি গোল সীমানায় ঢুকে হিট করলে বল পোস্টে চলে যায়। মালয়েশিয়ায় অনুষ্ঠিত গত এশিয়া কাপেও ওমানের কাছে হেরেছে চায়নিজ তাইপে। গতকাল বিকালে অনুষ্ঠিত অন্য ম্যাচে কাতার শ্রীলংকা ১-১ গোলে ড্র করে। কাতারের আসলাম আদনান এবং শ্রীলংকার সান্দারুয়ান সমতাসুচক গোল করেন। বাছাই টুর্নামেন্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।