আত্মবিশ্বাসই শক্তি পাকিস্তানের

টুর্নামেন্টের সাবেক ইতিহাস কিংবা সামপ্রতিক সময়ের পারফরম্যান্স -সবদিক বিবেচনায় দলটি থাকবে ফেবারিটের তালিকায়। কিন্তু দলটার নাম পাকিস্তান বলেই যতো সমস্যা। কোন দিন কেমন খেলবে সেটা আজ পর্যন্ত পৃথিবীর কোন ক্রিকেটবোদ্ধাই হলফ করে বলতে পারেননি। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করার আগে দারুণ উজ্জীবিত পাকিস্তান ক্রিকেট দল। আত্মবিশ্বাসই তাদের শক্তি বলে গতকাল জানিয়েছেন দলের চার ক্রিকেটার। ভিন্ন ফরম্যাট, দলেও আছে বেশ কিছু পরিবর্তন। তারপরও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশে সামপ্রতিক সময়ের অভিজ্ঞতাকেই গুরুত্ব দিচ্ছেন দলের ক্রিকেটাররা। এশিয়া কাপে দলকে ফাইনালে তোলার পিছনে অন্যতম ভূমিকা রাখা ব্যাটসম্যান উমর আকমল বলেন, ‘আমরা এখানে বিশ্বকাপ জয়ের জন্যই এসেছি। জানি এটা ভিন্ন একটা ফরম্যাট। তারপরও বলবো বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। এখানকার কন্ডিশনটা আমাদের পরিচিত। ফলে আমরা কিছুটা হলেও সাহায্য পাবো।’ আরেক খেলোয়াড় আহমেদ শেহজাদও কন্ডিশনকেই গুরুত্ব দিচ্ছেন, ‘বাংলাদেশের কন্ডিশন তাদের জন্য খুবই ভালো। তবে নি:সন্দেহে পাকিস্তান- ভারত ম্যাচে বাড়তি চাপ থাকবে।’ এশিয়া কাপের দলে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবারও দলে ফিরছেন পেসার সোহেল তানভির। বিশ্বকাপে তিনি আলাদা করে কাউকেই ফেবারিট মানছেন না। তার মতে, নির্দিষ্ট দিনে যারা ভাল খেলবে তারাই জিতবে, ‘পাকিস্তান-ভারত ম্যাচ খুবই মুশকিল। আমরা রেকর্ডে বিশ্বাসী নই। নির্দিষ্ট ওই দিনে বিশ্বাসী। নি:সন্দেহে পাক-ভারত ম্যাচ চাপের ম্যাচ। আমাদের বোলিং-ব্যাটিং দুটোই ভালো। তবে ওই দিন যে ভালো খেলবে সে-ই জিতবে। এটা এমন একটা ফরম্যাট যেখানে যে কেউই বিশ্বকাপ জিততে পারে।’ তানভিরের মতে পাকিস্তান বিশ্বকাপে তাদের পেসারদের পারফরম্যান্সের উপরই নির্ভর করছে, ‘ইতিহাস বলে আমরা সব সময়ই ভালো বোলার তৈরি করি। কোনো বোলার যখন অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে খেলবেন তখন লাইন লেন্থ গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের কন্ডিশনে আমি অভ্যস্ত। দু’সপ্তাহ আগে পাকিস্তান এখানে এশিয়া কাপ খেলে গেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগবে। ’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসর বাদ দিলে আর কোনবারই ভারতীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা হয়নি কোন পাকিস্তানি ক্রিকেটারের। তবে, এটা নিজেদের জন্য কোন সমস্যার সৃষ্টি করবে না বলেই জানালেন সোহেল তানভির, ‘আইপিএল কিংবা বিপিএলে খেলা বা না খেলা আমাদের পারফরম্যান্সে কোনো ইমপ্যাক্ট ফেলবে না। আমাদের কাছে আইপিএল এবং বিপিএল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ নয়। আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন বিষয়।’