‘আমরা টি-টোয়েন্টিতে আরো ভালো দল’
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ২২:২৭
ব্যক্তিজীবনে অত্যন্ত আত্মবিশ্বাসী ও লড়াকু মানুষ মোহাম্মদ নবী। দলের অধিনায়ক হিসেবেও শুরু থেকে এই চেহারাটা ধরে রেখেছেন। আজ বাংলাদেশের বিপক্ষে সেই আত্মবিশ্বাস ধরে রাখার অগ্নিপরীক্ষা আফগানিস্তান অধিনায়কের। দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে নবী বলছেন, তিনি জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে চলে যাওয়ার ব্যাপারে অনেক আশাবাদ শোনালেন নবী গতকাল তার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে—
বাংলাদেশ ঘরের মাঠে খেলা। দর্শকদের পুরো সমর্থনই পাবে তারা। এটাকে চাপ মনে করছেন?
আমরা এখানে নির্ভার একটা ম্যাচ খেলব। কিন্তু আমি জানি না এটা কিভাবে এগোবে। কিন্তু ঘরের মাঠে সমর্থকদের কারণে অবশ্যই পুরোপুরি চাপ থাকবে বাংলাদেশের ওপর। তারা ইতোমধ্যেই আফগানিস্তানের কাছে হেরেছে। সুতরাং পুরো চাপটা বাংলাদেশের ওপর।
আপনারা যখন বাংলাদেশকে হারিয়েছেন, তখন সাকিব, তামিম ও মাশরাফি ছিলেন না। এখন তাঁরা আছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন?
আমরা নির্দিষ্ট কোন নামের খেলোয়াড়ের বিরুদ্ধে খেলছি না। আমরা ম্যাচ খেলছি। আমরা জানতে চাই না প্রতিপক্ষ দলে সাকিব, তামিম নাকি মর্তুজা; কারা খেলছেন। আমরা শুধু অনুপ্রেরণামূলক খেলা খেলতে চাই।
বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে খেলার বিষয়টি কতটা কঠিন হবে?
শুধু আমি নই, আরও কয়েকজন খেলোয়াড়-ছয়জন খেলোয়াড় বাংলাদেশের ঘরোয়া লীগে খেলেছেন। এটা আফগানিস্তান দলের জন্য বেশ ভাল এক অভিজ্ঞতা। ফলে আমরা ভালো কিছু করার ব্যাপারেই আশাবাদী।
এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়েছেন সেটার পুনরাবৃত্তি ঘটাতে পারবেন?
এশিয়া কাপে সম্পূর্ণ আলাদা খেলা ছিল-৫০ ওভার খেলা ছিল সেটি। আর এটা টি-২০ ম্যাচ। দু’টিই ভিন্ন ফরমেটের খেলা। আফগানিস্তান টি-২০-তে অনেক ভাল দল। ইনশাআল্লাহ আমরা আমাদের সেরা প্রচেষ্টাই চালাব ভাল নৈপুণ্য দেখাতে এবং পরবর্তী রাউন্ডের জন্য লড়ব।
আপনারা টি-টোয়েন্টিতে কিভাবে ওয়ানডের চেয়ে ভালো দল? এটা একটু ব্যাখ্যা করবেন?
আমাদের স্কোয়াডে ৪ থেকে ৬ জনের বেশি অলরাউন্ডার আছে। আর এ কারণেই আমরা টি-২০-তে ভাল দল। তাছাড়া প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের ফিল্ডিং। আমাদের ভাল ফিল্ডিং এবং প্লাস পয়েন্ট হিসেবে ভাল একটি আক্রমণাত্মক বোলিং বিভাগ আছে।
সর্বশেষ ম্যাচে আপনারা জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছেন। এটা কি প্রভাব ফেলবে?
সর্বশেষ ম্যাচটি আমরা আসলে অনেক ভাল খেলেছি। কিন্তু মাসাকাদজা দলের জন্য খুবই ভাল ইনিংস খেলেছেন। তাই আমরা ম্যাচটি হেরেছি। আমরা শেষ ওভার পর্যন্ত ম্যাচটি নিয়ে গেছি। এটা জিম্বাবুইয়ের বিরুদ্ধে ভাল একটি লড়াই ছিল। আমাদের টি-২০ ক্রিকেটে খুব ভাল একটি ব্যাটিং বিভাগ আছে এবং সে লাইনআপটা বেশ দীর্ঘ। সহজেই ম্যাচে হেরে যাওয়ার মতো অবস্থায় আমরা নেই।
বাংলাদেশের বিপক্ষে আপনাদের অফিশিয়াল টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা না থাকলেও আনঅফিশিয়াল ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে...
হ্যা, তারা আমাদের টি-২০ ম্যাচে একবার হারিয়েছে এবং আরেকবার এশিয়ান গেমসে। দুটো ম্যাচই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। সেগুলো খুব সহজে জিততে পারেনি। আর এবার সেটা আরও কঠিন হবে।