পরাজয়ের আবর্তে মেয়েরা

ভারতের বিরুদ্ধে টানা তিন হারের পর এবার পাকিস্তান মহিলা দলের কাছেও হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় গতকাল কক্সবাজারে তারা হেরে গেছে ৩৪ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রথমে ভারতীয় দলের বিরুদ্ধে টানা তিনটি ম্যাচেই হেরে যায় বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেও প্রথম ম্যাচে অন্তত সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি সালমা খাতুনরা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারে পায় প্রথম সাফল্য। সালমা খাতুন, জাহানারা আলমদের মাপা বোলিংয়ে পাকিস্তানী টপ অর্ডারদের কেউ বড় সংগ্রহ গড়তে না পারলেও উইকেটের এক প্রান্ত আগলে থাকেন উদ্বোধনী ব্যাটসম্যান সাঈদ ফাতিমা আবিদি। তার ৫৪ রানের উপর ভর করে নির্ধারিত ওভারে ১২০ রান তোলে পাকিস্তান। জবাবে আসমাভিয়া ইকবালের মারাত্মক বোলিংয়ে শুরুতেই পথ হারায় স্বাগতিকরা। লতা মন্ডল, রুমানাদের ব্যাটে বড় বিপদ এড়ালেও ২০ ওভার শেষে ৮৬ রানের বেশী করতে পারেনি বাংলাদেশ। আসমাভিয়া চার উইকেট নেন।