গ্রীন ভেন্যু সিলেটের যাত্রা শুরু কাল

চার বিদেশি দলের কঠোর অনুশীলন দেশের একমাত্র সবুজ গ্যালারি সমৃদ্ধ আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু ‘সিলেট’ এর অভিষেক হচ্ছে আগামীকাল সোমবার। আন্তর্জাতিক ভেন্যু হিসেবে মর্যাদা পাওয়ার পর উদ্বোধনী দিনে বিকাল সাড়ে ৩টায় প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড এবং সন্ধ্যা সাড়ে ৭টায় নেদারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হবে। সবুজ শ্যামলিমায় ঘেরা অনিন্দ্য সুন্দর এই মাঠটি ক্রিকেট বিশ্বকে চমকে দিতে এখন পুরোপুরি প্রস্তুত। প্রস্তুত সিলেটের ক্রিকেট পাগল দর্শকরাও। বলা যায়, একরকম ক্রিকেট জ্বরে কাঁপছে এখন পর্যটন নগরী সিলেট। বিশ্বকাপের প্রথম পর্বে ‘বি’ গ্রুপের এই চারটি দল সিলেটে লড়বে দ্বিতীয় রাউন্ড তথা সুপার টেনে ওঠার জন্য। টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ে এবং তিন সহযোগী সদস্য আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের মধ্য থেকে সেরা একটি দলই সিলেট থেকে সুপার টেনে উঠবে। চারটি দলই সিলেট পৌঁছে গতকাল কঠোর অনুশীলন করেছে। সিলেটে সবার আগে পৌঁছায় জিম্বাবুয়ে। গত শুক্রবার রাতে দলটি বিমানযোগে সিলেট পৌঁছলে নিশ্ছিদ্র নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় টিম হোটেলে। গতকাল সকালে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত দল সিলেট আসে। এদিকে গতকাল সকাল থেকেই সিলেট ক্যাডেট কলেজ মাঠের প্র্যাকটিস উইকেটে ঘাম ঝরিয়েছেন ব্রেন্ডন টেলর-এল্টন চিগাম্বুরার দল। বিকালে জেলা স্টেডিয়ামে অনুশীলন করেছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপের প্রথম পর্বের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট ভেন্যুতে। সোমবার দুটি ম্যাচ অনুষ্ঠানের পর ১৯ ও ২১ মার্চ হবে চারটি ম্যাচ। ২৩ মার্চ থেকে শুরু হবে মহিলা বিশ্বকাপের খেলা।