চট্টগ্রামে গ্যাস সঙ্কটে কাফকো সিইউএফএলে উত্পাদন বন্ধ

চট্টগ্রামে কাফকো ও সিইউএফএল সার কারখানায় গতকাল শনিবার সার উত্পাদন বন্ধ করে দেয়া হয়েছে। গ্যাসনির্ভর বিদ্যুেকন্দ্র চালু করতে বৃহত্ সার কারখানা দু’টিতে উত্পাদন বন্ধ রাখা হয়েছে। দু’টি সার কারখানা বন্ধ রেখে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সাশ্রয় হয়েছে। তবে সাশ্রয়কৃত গ্যাস বিদ্যুেকন্দ্রে পুরোপুরি সরবরাহ না দেয়ায় গ্যাসনির্ভর বিদ্যুেকন্দ্রগুলো চালু করা যায়নি। মাত্র ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস দিয়ে রাউজান তাপ বিদ্যুেকন্দ্রের এক নম্বর ইউনিট চালু করা হয়েছে। এই গ্যাস দিয়ে ৫০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করা হচ্ছে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে (কাফকো) গতকাল শনিবার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। এই কারখানায় দৈনিক ৪৮ থেকে ৪৯ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। গতকাল সকালে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। একইসাথে পাশাপাশি স্থানে অবস্থিত সরকারি প্রতিষ্ঠান সিইউএফএলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। ফলে দুপুর দেড়টায় সিইউএফএলে ইউরিয়া ইউনিটে উত্পাদন বন্ধ হয়ে যায়। এমোনিয়া ইউনিট আজ রবিবার বন্ধ করে দেয়া হবে বলে কারখানার সূত্র জানায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত নভেম্বর মাসে সিইউএফএল চালু করা হয়। মাঝখানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে প্রায় দুই মাস উত্পাদন বন্ধ থাকে। ফলে চালু থাকা দুই মাসে প্রায় ৬১ হাজার টন ইউরিয়া সার উত্পাদন হয় সিইউএফএলে। সার কারখানা দু’টি বন্ধ করে সাশ্রয় করা সম্পূর্ণ গ্যাস এখনো বিদ্যুেকন্দ্রে সরবরাহ দেয়া হয়নি। রাউজান বিদ্যুেকন্দ্রের এক শীর্ষ কর্মকর্তা জানান, ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে। তা দিয়ে এক নম্বর ইউনিট চালু করে ৫০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করা হচ্ছে। পাইপলাইনে গ্যাসের প্রেশার কম হওয়ায় বিদ্যুত্ উত্পাদন ব্যাহত হচ্ছে। এ প্রসঙ্গে কর্ণফুলী গ্যাস কোম্পানির জিএম (অপারেশন) প্রকৌশলী শহীদ আলী জানান, চট্টগ্রামে দৈনিক ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে। সরকারের নির্দেশে কাফকো ও সিইউএফএল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে গ্যাস সরবরাহ বন্ধের বিষয়ে অবহিত করা হয়েছে। গ্যাসনির্ভর কয়টি বিদ্যুেকন্দ্র চালু করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।