বেশিরভাগ স্থানে সুন্দর নির্বাচন হয়েছে

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেছেন, ছোটখাটো কিছু ঘটনা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় নির্বাচন কমিশনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। দায়িত্বপ্রাপ্ত সিইসি বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে দেশের মোট আটটি জেলার ১৩টি উপজেলার ২৬টি কেন্দ্রে নির্বাচন স্থগিত করতে হয়েছে। মোট ৫ হাজার ৪৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে মাত্র ২৬টিতে ভোট বন্ধ হয়েছে। তবে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও গণনার সময় যদি কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটে, তাহলে ভোটকেন্দ্রের ভোট স্থগিত করা হতে পারে। তাই স্থগিত ভোটকেন্দ্রের হিসাব সর্বশেষ নয় বলে মন্তব্য করেন আবদুল মোবারক। তিনি বলেন, এই সংখ্যা কমবে না। তবে বাড়তে পারে। বিভিন্ন জায়গায় নির্বাচন চলাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে তিনি আরো বলেন, উপজেলা নির্বাচন দল বা মার্কাভিত্তিক নয়। দেশে রাজনৈতিক দল আছে। পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব থাকে। এ কারণে কোথাও কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে সেসব জায়গার সংখ্যা কম। কয়েকটি স্থানে পুলিশ জাল ভোট দিয়েছে এমন প্রশ্নের জবাবে দায়িত্বপ্রাপ্ত সিইসি বলেন, আমরা পুলিশকেও ছাড় দেবো না। তবে এর জন্য কিছু সময় লাগবে। তিনি বলেন বরিশালের হিজলায় যে ঘটনা ঘটেছে এর বিচার করা হবে। কমিশনের তথ্য অনুযায়ী স্থগিত কেন্দ্রগুলো হচ্ছে- কুমিল্লার সিজিয়া উচ্চ বিদ্যালয় ও পরীকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনীর ওলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চাঁদপুরের পাথোর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেরকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়, টেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি টেরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্ধ গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড় চাচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুরের মেনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজশাহীর চারঘাট উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যশোর জেলার মনিরামপুরের হাজারকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার উত্তর পশ্চিম চর মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ভোলার সদর উপজেলার একটি ভোটকেন্দ্র। অন্য তিনটি ভোটকেন্দ্র বরিশালের।