সাভারে পোশাক শ্রমিকের অসন্তোষে পুলিশের সাথে সংঘর্ষে আহত ৫০
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ২৩:২৫
পিস রেট বৃদ্ধিসহ বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে সাভারে বিক্ষোভ করেছে একটি রপ্তানীমুখী সোয়েটার কারখানার শ্রমিকরা। পৌর এলাকার গেন্ডা মহল্লায় গতকাল শনিবার সকালে ‘ডায়নামিক সোয়েটার কারখানা’ (ঢাকা সোয়েটার)-র ৫ হাজার শ্রমিক এ বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে উভয়পক্ষের ৫০ জন আহত হয়। পুলিশ জানায়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই কারখানার শ্রমিকরা গতকাল সকালে কাজে যোগ দিতে এসে কারাখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিস দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পিস রেট বৃদ্ধিসহ বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে কারখানায় ইট-পাটকেল নিক্ষেপসহ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে চলাচলরত বেশ কয়েকটি যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করলে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা তখন পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ৫০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপসহ লাঠিচার্জ করলে শ্রমিকরা পিছু হটে।