র ফি কু ল ই স লা ম
একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘বান্ধব’। ঈদ-পরবর্তী দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ‘বান্ধব’ চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মৌ খান। পরিচালক সুজন বড়ুয়া জানান, গল্পই এ চলচ্চিত্রের নায়ক বা নায়িকা। মূল চরিত্রটিকে ঘিরেই ছবিটি এগিয়েছে। মূলত গল্পের প্রেমে পড়েই চলচ্চিত্রটি নির্মাণে আগ্রহী হন তিনি। সুজন বড়ুয়া বলেন, ‘একটি সুন্দর চলচ্চিত্রের জন্য একটি মৌলিক ও বাস্তব গল্প প্রয়োজন। আর এটাই সুন্দর করে ক্যামেরাবন্দি করে দর্শকদের দেখানোর চেষ্টা করেছি। এ চলচ্চিত্রের মাধ্যমে প্রশ্ন করতে চেয়েছি, জন্মের পর একটি শিশু মায়ের কোলের পরিবর্তে ডাস্টবিনে পড়ে থাকে কেন? কী তার অপরাধ? আমার মনে হয়, বিবেকসম্পন্ন প্রত্যেক দর্শকের মনে এই প্রশ্ন ঘুরেফিরে হাজির হয়। আশা করি, দর্শক ছবিটি দেখে আপ্লুত হবেন।’ অভিনেত্রী মৌ খান বলেন, ‘চলচ্চিত্রটিতে কাজ করতে গিয়ে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। গল্পের কারণে এই প্রথম নায়িকার ইমেজ ছাপিয়ে একজন সুঅভিনেত্রীর দায়িত্ব অনুভব করেছি। গল্পের ৯৫ ভাগজুড়ে ছিল আমার চরিত্রটি। যা খুব চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। আমি এমন গল্পনির্ভর আরো ভালো ভালো চলচ্চিত্রে কাজ করতে চাই। আর ধন্যবাদ জানাতে চাই প্রযোজনা সংস্থা অনুপম কথাচিত্র ও পরিচালককে।’ চলচ্চিত্রটিতে পাঁচটি গান রয়েছে। যার মধ্যে চারটি লিখেছেন সুদিপ কুমার দীপ আর একটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদি খান ও এম এ রহমান। কণ্ঠ দিয়েছেন আশিকুর রহমান, চৈতী মুত্সদ্দি, বেলী আফরোজ ও কোনাল। সুজন বড়ুয়া পরিচালিত চলচ্চিত্র ‘বান্ধব’ প্রেক্ষাগৃহে আসছে ঈদের পর। চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন পরিচালক নিজেই, আর সংলাপ লিখেছেন ম ম র রুবেল। এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, রেবেকা রৌফ, জয় রাজ, প্রয়াত সিরাজ হায়দার, সুমিত, আসমা, হাবিব খান, আন্না, শায়লা, উর্মি, আরফান প্রমুখ।