টাঙ্গাইল-৮ আসনে উপ-নির্বাচন
জেপি নেতা সাদেক সিদ্দিকীর ব্যাপক গণসংযোগ
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ২৩:২৭
জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী শনিবার মোটর শোভাযাত্রাসহ ব্যাপক গণসংযোগ করেছেন।
শোভাযাত্রাটি সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রাম থেকে শুরু হয়ে তকতার চালা, দেওদিঘী, রাজাবাড়ী, হতেয়া, নলুয়া, করটিয়া পাড়া, কালিদাস, কালিয়ান পাড়া, কীর্ত্তণ খোলা চৌরাস্তাসহ বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে। তিনি বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এসময় তার সঙ্গে আইয়ুব আলী পাঠান, আতোয়ার রহমান , সানোয়ার রায়হান, অধ্যাপক মোস্তফা কামাল, ইকবাল হোসেন, আহমেদ হোসেন খান, শরিফুল ইসলাম, ঝান্ডা চাকলাদার, এমএ আওয়াল, আবুল আল আসাদ, এমএ রহিম বিএসসি, আখি মনিসহ জেপির জেলা, উপজেলা ও তৃণমূলের নেতারা উপস্থিত ছিলেন। সাদেক সিদ্দিকী বিভিন্ন পথসভায় জনগণের উদ্দেশ্যে বলেন, বাইসাইকেল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের খাদেম হয়ে সখীপুর-বাসাইলের উন্নয়নে জন্য কাজ করব। যেহেতু জেপি মহাজোটের অন্যতম শরিক দল আমি নির্বাচিত হলে উন্নয়নের পথ সুগম হবে। তিনি বলেন, মহাজোট সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর। তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার শত ভাগ আশাবাদ ব্যক্ত করেন। তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন, সত্, যোগ্য ও এলাকার উন্নয়ন হবে এমন প্রার্থীকে আপনারা বেছে নিন। জনগণও করতালি দিয়ে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান। তিনি আরও বলেন, সখীপুর-বাসাইল উপজেলা দীর্ঘদিন ধরে অবহেলিত জনপদে পরিণত হয়ে আছে। এ আসনের জনপ্রতিনিধিরা তেমন উন্নয়ন করে নাই। আমি নির্বাচিত হয়ে এলাকার জনগণকে সাথে নিয়ে সর্বাত্মক উন্নয়নের প্রচেষ্টা করব।