আজ ফের আফগান বাধা
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ২৩:৩০
র্যাংকিংয়ে কোন আকাশ পাতাল তফাত না থাকলেও বাংলাদেশের সামনে আজ একটু আলাদা সমীহ পাচ্ছে আফগানিস্তান। কারণ, এশিয়া কাপের সেই ম্যাচ। ফতুল্লার পরাজয়ের গ্লানি মুছে ফেলার সুযোগ আজ মুশফিকুর রহিমের সামনে।
আর সেই মঞ্চটাও এমন যে, হেরে গেলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়ার শঙ্কায় পড়ে যাবে স্বাগতিকরা। রচিত হবে আরেকটি লজ্জার ইতিহাস। এমন অনেক হিসাব নিকাশ নিয়ে প্রতিশোধের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। এই ম্যাচ দিয়েই পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসরের।
বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ জিতেছে গত তিন নভেম্বর। এরপর কেটে গেছে ১৩৩ দিন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ - সবগুলোতেই জয় বঞ্চিত হয়েছে বাংলাদেশ। টানা পারফরম করতে থাকা বাংলাদেশের যেন হঠাত্ই তাল ছিঁড়ে গেল। আর সেই ব্যর্থতার ষোল কলা পূর্ণ হল আফগানিস্তানের বিপক্ষে হার দিয়েই। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আজ আবারও সেই একই প্রতিপক্ষ।
আশার ব্যাপার হল, বাংলাদেশ আজকের ম্যাচে পুরো শক্তির দল নিয়েই মাঠে নামছে। ইনজুরি কাটিয়ে ফিরছেন তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা। আর দুটি প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স পক্ষে থাকবে বাংলাদেশের। দুটি ম্যাচেই জয় পেয়ে আত্মবিশ্বাসের ঘাটতিটা কিছুটা হলেও পুষিয়ে নিয়েছে বাংলাদেশ।
আকাশে উড়তে থাকা আফগান দলপতি অবশ্য আবারও অঘটনের ঘোষণাই দিয়ে দিলেন, ‘আমরা নাম দেখে খেলতে নামি না। আমরা শুধু নিজেদের খেলা খেলি। এখানকার কন্ডিশন আমাদের পরিচিত। আর নিজেদের সেরা খেলা খেলতে পারলে আমরা অবশ্যই জিতবো।’
যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। বিপক্ষ সেনাপতি সর্বোচ্চ আক্রমণের ঘোষণা দিয়ে দিয়েছেন। বাংলাদেশও নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। অধিনায়ক মুশফিকুর রহিমও তাই পাল্টা যুদ্ধের ঘোষণা দিলেন, ‘স্রেফ ভাগ্যের কারণে আমরা কয়েকটি ম্যাচ হেরেছি। প্রস্তুতি ম্যাচগুলোতে আমরা ভাল করেছি। খেলোয়াড়রা ধারাবাহিক খেলার মধ্যে আছে। সবাই আগামীকালের (আজকের) ম্যাচের জন্য মুখিয়ে আছে। আশা করি আমরা একটা ভাল সূচনা পাবো।’
সেই আশা এবার সফল হলেই হয়!