সাত উপজেলায় আজ হরতাল

আওয়ামী লীগের বিরুদ্ধে কেন্দ দখল, জাল ভোটসহ নানা অনিয়মের অভিযোগ এনে গতকাল ৭টি উপজেলায় বিএনপি ও বিকল্প ধারা সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। একই সঙ্গে ভোট বর্জনকারিরা আজ রবিবার সাত উপজেলায় হরতাল আহবান করেছেন। এর মধ্যে সকাল-সন্ধ্যা হরতাল হবে বাগেরহাট সদর, রামপাল, মোড়েলগঞ্জ ও শরণখোলা, বরিশালের মুলাদি উপজেলায়। আর কুমিল্লার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামে অর্ধদিবস। গতকাল ভোট শুরুর কয়েক ঘন্টার মধ্যে বাগেরহাটের সদর, মোড়েলগঞ্জ ও শরণখোলা, বরিশালের মুলাদি, শরীয়তপুর সদর, কুমিল্লার নাঙ্গলকোর্ট ও ফেনীর দাগনভূঞা, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিরোধীদলীয় চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন। মুলাদি উপজেলায় ৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাড়া অন্য ৪ জনই নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এর মধ্যে রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুস সাত্তার খান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক। শরীয়তপুর সদরে ১৯ দল সমর্থিত প্রার্থী মাহবুব মোর্শেদ টিপু, বাগেরহাটের মোড়েলগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মজিদ জব্বার, বাগেরহাট সদরে বিকল্প ধারার প্রার্থী মাহতাব উদ্দিন, শরীয়তপুর সদরে বিএনপি সমর্থিত ও বিদ্রোহী প্রার্থী এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিএনপি সমর্থিত প্রার্থী নজির আহমেদ ভুঁইয়া ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এছাড়া সরকার দলীয় প্রার্থীর এজেন্ট ছাড়া কেন্দে ঢুকতে না দেয়া, এজেন্টদের মারপিটসহ ভোটকেন্দ দখলের অভিযোগে ফেনীর দাগনভূঞায় আওয়ামী লীগ প্রার্থী ছাড়া সকলেই ভোট বর্জনের ঘোষণা দেন।