বাকেরগঞ্জের ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

উপজেলার তৃতীয় ধাপের নির্বাচনে বরিশালের হিজলা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার জাহিদুল ইসলামকে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম পিপিএম শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সহকারী রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে কমিশনে লিখিতভাবে অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন, শনিবার দুপুর ২টায় হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে বাকেরগঞ্জ থানার ওসির নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ খবর পেয়ে আমি উক্ত কেন্দ্রে যাই। সেখানে গিয়ে আমি ওসিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানাই। তিনি আমার কথা না শুনে দাঁড়িয়ে থাকেন। এক পর্যায়ে তিনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন ও লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। সেখানে উপস্থিত অন্য কর্মকর্তাদেরও আঘাত করেন। এ অভিযোগ পাওয়ার পর কমিশন বিষয়টি আমলে নিয়ে ওই ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি শনিবারই সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে পাঠানো হয়েছে।