জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

রাজধানীর সবুজবাগে ইন্দ্রা রানী (২১) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার। ইন্দ্রা জগন্নাথের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী। পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকালে ইন্দ্রার বাবা সুনীল কুমার দেখেন মেয়ের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙ্গে দেখেন ইন্দ্রার দেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা ইন্দ্রাকে মৃত ঘোষণা করেন। সবুজবাগ থানার ওসি জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।