প্রজন্ম সেরা টেন্ডুলকার

ক্রিকেটীয় ক্যারিয়ারের মুকুটে আরেকটি পালক যোগ করলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। বর্তমান ও সাবেক ক্রিকেটারসহ সাংবাদিকদের ৫০ সদস্যের জুরি বোর্ডের মনোনয়নে প্রজন্মের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই ব্যাটিং গ্রেট। শুক্রবার রাতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মত চালু হওয়া এই পুরস্কার জিতে নিয়েছেন টেন্ডুলকার। ১৯৯৩ থেকে ২০১৩ সালের মধ্যে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সফল একজন ক্রিকেটারের জন্য ইএসপিএন ক্রিকইনফো এই পুরস্কার প্রণয়ন করে। ক্রিকেটের এই ওয়েবসাইটের ২০ তম বর্ষপূর্তী উপলক্ষে এই পুরস্কারের আয়োজন করা হয়েছিল। প্রজন্মের সেরা ক্রিকেটারের দৌড়ে টেন্ডুলকার কঠিন এক লড়াইয়ের পর পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার শেন ওয়ার্ন এবং দক্ষিণ আফ্রিকান অল রাউন্ডার জ্যাক ক্যালিসকে। ভারতের তো বটেই ক্রিকেট বিশ্বের জনপ্রিয়তম ওয়েবসাইটের দৃষ্টিতে প্রজন্মের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে যারপরনাই আনন্দিত টেন্ডুলকার বলেন, ‘সত্যিকার অর্থেই আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি। এই পুরস্কারের জন্য আমাকে যোগ্য মনে করায় ইএসপিএন ক্রিকইনফোকে ধন্যবাদ জানাতে চাই।’