নাসিরনগরে চিকিত্সকের অভাবে সিজারিয়ান বন্ধ
নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৬ মার্চ ২০১৪, ২১:২৩
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক অপারেশন থিয়েটার (ওটি) ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও প্রয়োজনীয় জনবল, এ্যানেসথেসিয়া ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় দীর্ঘদিন ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। যার ফলে এখানকার প্রসূতিদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। উপজেলার প্রায় সাড়ে তিন লক্ষাধিক মানুষের জন্য এ হাসপাতালটি ২০০৪ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাস্তবে সেবাদানের ক্ষেত্রে কোন প্রকার উন্নতি ঘটেনি। এখানে অপারেশন থিয়েটার স্থাপন করা হলেও আজ পর্যন্ত কোন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দেয়া হয়নি। এ কারণে অপারেশন থিয়েটারে স্থাপিত কোটি টাকার যন্ত্রপাতি অযত্ন-অব্যবহূত অবস্থায় পড়ে থাকায় যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে দুর্গম ৬টি ইউনিয়নসহ দূর-দূরান্ত থেকে চিকিত্সা সেবা নিতে এসে অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছে রোগীরা। তারা বিশেষজ্ঞ ডাক্তার না পেয়ে চিকিত্সার জন্য জেলা সদরের হাসপাতালে যান। বিশেষ করে গর্ভবতী মহিলাদের সিজারিয়ান(সিজার) করা জরুরি হয়ে পড়লেও বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় তাদের কষ্টের সীমা থাকে না। বিশেষ করে গাইনির কোন ডাক্তার না থাকায় মহিলা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । এখানে ৭ বছর ধরে এক্স-রে মেশিন নেই। সম্প্রতি নতুন এক্স-রে মেশিন আসলেও প্রতিস্থাপন ও মেডিক্যাল টেকনোলজিষ্ট (রেডিওগ্রাফি) অভাবে তা চালু করা যাচ্ছে না। ভুক্তভোগীরা জানায়, এক্স-রে মেশিন, রক্ত পরীক্ষাসহ ইসিজি ও জরুরি প্রসূতি (ইওসি) কার্যক্রম বন্ধ থাকায় চিকিত্সা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিয়াউল ইসলাম সেলিম জানান, ২০১১ সালে ৬টি সিজারিয়া হলেও তারপর থেকে সংশ্লিষ্ট বিভাগের চিকিত্সক না থাকায় সিজারিয়ান কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।