বাগমারায় আ’লীগ-বিএনপির গ্রুপিং চরমে

চতুর্থ দফায় রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চলমান নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে একক প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগ-বিএনপি চেষ্টা করলেও উভয় দলে গ্রুপিং চরম আকার ধারণ করেছে। জানা যায়, আ’লীগের একক প্রার্থী হিসাবে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর নাম ঘোষণা করা হলেও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান চৌধুরীও বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। অপরদিকে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ডিএম জিয়াউর রহমান জিয়া এবং উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক মকলেছুর রহমানের মধ্যে সমঝোতা না হওয়ায় একক প্রার্থী বাছাই নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন বিএনপি’র তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। দলীয় সূত্র জানায়, জেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট নাদিম মোস্তফা অধ্যাপক মকলেছুর রহমানকে ১৯ দলীয় জোটের একক প্রার্থী ঘোষণা করেছেন। অপরদিকে বিএনপি’র অন্য দুই প্রার্থী উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক কামাল হোসেন ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি বড়বিহানালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে ডিএম জিয়াকে সমর্থন দিয়েছেন। এছাড়া নাদিম মোস্তফার একক সিদ্ধান্ত প্রত্যাক্ষ্যান করে ডিএম জিয়াকে একক প্রার্থী ঘোষণার দাবিতে ভবানীগঞ্জ পৌর মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সুপারিশপত্র পাঠিয়েছেন। এই পরিস্থিতিতে বিএনপি তথা ১৯ দলীয় জোটের একক প্রার্থী নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছেন দলের তৃণমূল পর্যায়ে অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী জাকিরুল ইসলাম সান্টু ও বিদ্রোহী প্রার্থী আব্দুস সোবহান চৌধুরীর মধ্যে গ্রুপিং দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ঐক্য।