ভোট চাইতে গিয়ে ধাওয়া খেলেন শতাব্দী রায়!
প্রকাশ : ১৬ মার্চ ২০১৪, ২১:৪৫
আগেরবার ভোটে দাঁড়িয়েছিলেন। ভোট পেয়ে জিতেও গিয়েছিলেন। কিন্তু জেতার পর তার টিকিও দেখেনি এলাকার জনগণ। কারণ তিনি নায়িকা। তার সময়ের অনেক দাম। কিন্তু আবার ভোট হাজির দ্বারে। আবারো মনোনয়ন পেয়েছেন। তাই আবারো ছুটে যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। কিন্তু এবার আর তাকে দেখতে ছুটে আসেনি আমজনতা। পরিবর্তে তাকে ধাওয়া দিয়েছেন তারা।
ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা শতাব্দী রায়ের ক্ষেত্রে। সাঁইথিয়ার ভোটপ্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তিনি। ক্ষুব্ধ জনতার প্রশ্ন- ফের কেন এসেছেন ভোট চাইতে? জবাব দিতে পারেননি শতাব্দী। বীরভূম লোকসভা আসনে তৃণমূল প্রার্থী করা হয়েছে শতাব্দী রায়কে। কিন্তু গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ফিরে যেতে হয় তাকে। অবশ্য ধাওয়া খাওয়ার কথা অস্বীকার করেছেন শতাব্দী রায়। পাঁচ বছর আগে সাঁইথিয়ার দেরিয়াপুরের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ভোটে জিতলে বদলে যাবে গ্রামের ছবি। সময় কেটে গিয়েছে। সামনে আরও একটা ভোট। প্রতিশ্রুত উন্নয়ন হয়নি। গ্রামের ভাঙা রাস্তার ভালো হয়নি। তাই শতাব্দী রায়কে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। প্রায় আধঘণ্টা তার গাড়িও আটকে রাখেন তারা। পরে স্থানীয় তৃণমূল নেতাদের হস্তক্ষেপে মুক্তি পান তিনি।