লন্ডনে বাংলাদেশি কুমড়া-কাহিনী

এত বড় কুমড়া আগে কখনো দেখেনি যুক্তরাজ্য কাস্টমস। তাই রীতিমতো গবেষণা করতে হয়েছে তাদের জিনিসটা আসলে কী জানতে। পরে যখন বুঝতে পারল এটা আসলেই কুমড়া, তখন এর পাশে পোজ দিয়ে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি কাস্টমসের লোকজন। জানা গেছে, বাংলাদেশ থেকে পাঠানো একটি চালানের বাক্স গত সোমবার জব্দ করে বার্মিংহাম এয়ারপোর্টের কাস্টমস কর্মকর্তারা। বাক্সের অস্বাভাবিক ওজন দেখে তাদের সন্দেহ হয়। পরে বাক্স খুলে দেখা যায় দৈত্যকারের একটি জিনিস। এটির ওজন প্রায় ৩০ কেজি, লম্বায় ৪ ফুট। বিষয়টি কি জানতে কর্মকর্তাদের খানিকটা বেগ পোহাতে হলেও পরে তারা বুঝতে পারে এটা আসলে একটা কুমড়া। পরে তারা এর পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। একজন কাস্টমস কর্মকর্তা বলেন, যদিও হরহামেশাই তারা নানা ধরনের খাদ্য-দ্রব্য আটক করেন। কিন্তু এত বড় কুমড়া আটকের ঘটনা এটাই প্রথম। একই চালান থেকে ৯০৭ কেজি পান, ৯৪ হাজার প্যাকেট সিগারেট এবং ৭৯ কেজি মাছ আটক করে কর্তৃপক্ষ। অবৈধভাবে এসব পণ্য ব্রিটেনে প্রবেশ হচ্ছিল। এদিকে ব্রিটেনে পান বেচা-কেনা নিষিদ্ধ হওয়ায় বিপাকে পড়েছেন পানে অভ্যস্ত বাঙালিরা। অবৈধ উপায়ে আনা কিছু পান এখানে পাওয়া গেলেও অস্বাভাবিক দামে তা বিক্রি করা হয়। নিয়মিত পান খান এমন একজন বলেন, এতদিন ব্রিটেনের বাঙালি দোকানগুলোতে পান পাওয়া গেলেও ইদানিং তা দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। কিছু দোকানে পান বিক্রি হলেও দাম অস্বাভাবিক।