টঙ্গীতে মাদক ব্যবসায় বাধা দেয়ায় বড় ভাইকে গুলি

টঙ্গীর মরকুন এলাকায় শনিবার ভোরে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ছোট ভাই বাবু (২৬) তার আপন বড় ভাই সাইফুল ইসলাম লিটনকে (৩২) গুলি করে। এতে সাইফুল গুরুতর আহত হন। পুলিশ জানায়, সন্ত্রাসী বাবু মরকুন মোল্লা গ্যারেজ এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এ নিয়ে তার বড় ভাই মরকুন স্কলার একাডেমীর শিক্ষক সাইফুল ইসলামের কাছে বিভিন্ন অভিযোগ আসতে থাকে। পরে সাইফুল বাবুকে এ ব্যবসা বন্ধে চাপ দিলে সে ক্ষিপ্ত হয়ে সাইফুলকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং বিভিন্নভাবে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে সে নিজেদের বাড়িতেই মাদক ব্যবসা শুরু করে। এরই জের ধরে শনিবার ভোরে বাবু তার অবৈধ পিস্তল দিয়ে সাইফুলকে লক্ষ্য করে গুলি চালায়। একটি বুলেট সাইফুলের ডানপায়ে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়।