এমপি আসলামসহ ৭ জনকে সম্পদ বিবরণী দাখিলের নোটিস
প্রকাশ : ১৬ মার্চ ২০১৪, ২২:০১
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৪ (মিরপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মো. আসলামুল হক ও সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ জব্বারসহ তাদের পরিবারের মোট সাতজনকে সম্পদবিবরণী দাখিলের নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদক থেকে তাদের কাছে নোটিস পাঠানো হয়েছে। নোটিসে তাদেরকে আগামী সাতদিনের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে। এদের মধ্যে এমপি আসলামুল হক ও তার স্ত্রী মাকসুদা হককে সম্পদবিবরণী দাখিলের নোটিস দেন দুদকের উপ-পরিচালক শেখ মেসবাহ উদ্দিন। অপর দিকে সাবেক সংসদ সদস্য এমএ জব্বার ও তার স্ত্রী ফিরোজা বেগম, তার তিন ছেলে, যথাক্রমে ফারুক হোসেন, সাঈদ হোসেন ও মাহবুব হোসেনকে নোটিস দিয়েছেন দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান।
দুদক কর্মকর্তারা জানান, আসলামুল হক ও এমএ জব্বার, তাদের স্ত্রী ও সন্তানদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রাথমিক বিবরণী দুদকের কাছে রয়েছে। এ বিবরণী যাচাই বাছাই করতে তাদের কাছে থেকে সম্পদের বিবরণী চাওয়া হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি আসলামুল হক ও এমএ জব্বারসহ সাতজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। ইতিমধ্যে আসলামুল হক ও এমএ জব্বারকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।