বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জনগণের পেটে লাথি মারা চলবে না
প্রকাশ : ১৬ মার্চ ২০১৪, ২২:১৭
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জনগণের পেটে লাথি মারা চলবে না। বিদ্যুতের বাড়তি দামের প্রভাবে সাধারণ মানুষের জীবনযাপনের ব্যয় আরও বাড়বে। বক্তারা রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুত্ কেন্দ্র বাতিলের দাবি জানান।
গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি-পূর্ব বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, গণফোরাম, নাগরিক ঐক্য, বাম গণতান্ত্রিক মোর্চার নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওয়ানা হলে সচিবালয় যাওয়ার রাস্তায় পুলিশ তাদের আটকে দেয়। সেখানেই বিক্ষোভ সমাবেশ করেন তারা। নেতা-কর্মীরা বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শ্লোগান দেন। ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর, সিপিবি কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।