দেশকে বন্দিশালায় পরিণত করেছে সরকার
প্রকাশ : ১৬ মার্চ ২০১৪, ২২:২০
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমরা এক অদ্ভুত হীরক রাজার দেশে বাস করছি। যেখানে এক ব্যক্তির খেয়ালখুশিতেই দেশ চলে, যেখানে সত্যের পক্ষে কথা বলার কোনো অধিকার কারো নেই। বর্তমান সরকার প্রতিনিয়ত বিরোধী দলের নেতা-কর্মীদেরকে বেছে বেছে গুম, খুন ও গ্রেফতারের মধ্য দিয়ে গোটা দেশকেই বন্দীশালায় পরিণত করেছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পালাক্রমে আটকে রেখে তারা ক্ষমতায় আঁকড়ে থাকতে চাচ্ছে। খালেদা জিয়া বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার করে চলমান আন্দোলনকে দুর্বল করা যাবে না। জনগণ সরকারের সকল অনাচারের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় গতকাল রবিবার এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, দেশবাসীর গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের পক্ষে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলার অপরাধেই দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।
বেগম জিয়া দৃঢ়কণ্ঠে বলেন, বিরোধী দলকে ধ্বংস করতে বর্তমান সরকারের মহাপরিকল্পনা কখনোই আলোর মুখ দেখবে না। আওয়ামী লীগ কখনোই মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করেনি। আওয়ামী লীগের ঐতিহ্যই হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা প্রদর্শন। অতীতে তাদের পরিণতি ভাল হয়নি, আগামীতেও হবে না। বিএনপি চেয়ারপারসন অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও আবদুস সালামের নি:শর্ত মুক্তি দাবি করেন।