লোকসভা নির্বাচনে ব্যয় হবে ত্রিশ হাজার কোটি রুপি!

ভারতের আসন্ন ১৬ তম লোকসভা নির্বাচনে ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার কোটি রুপি। সর্বনিম্ন ৭ হাজার থেকে সর্বোচ্চ ৮ হাজার কোটি রুপি ব্যয় হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এটাই কোনো দেশের সর্বোচ্চ নির্বাচনী ব্যয়। আর ভারতের ইতিহাসে এটাই সবচেয়ে বড় নির্বাচনী ব্যয়। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সরকার, রাজনৈতিক দল এবং প্রার্থীরা এই পরিমাণ অর্থ ব্যয় করবেন। নির্বাচনী ব্যয়ের ওপর গবেষণা করা সেন্টার ফর মিডিয়া স্টাডিজ জানিয়েছে, ২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যয় হয়েছিল ৭ বিলিয়ন মার্কিন ডলার বা ৪২ হাজার কোটি রুপি। গবেষণা প্রতিষ্ঠানটি ব্যয় বাড়ার পেছনে কারণ হিসেবে দেখিয়েছে, কোটিপতি, প্রার্থী, করপোরেট প্রতিষ্ঠান এবং কণ্ট্রাক্টরের সংখ্যা বৃদ্ধি। ভারতের ৫৪৩ টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনেরই ব্যয় হবে ৩ হাজার ৫শ কোটি রুপি। এছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্বরাষ্ট্র, রেলওয়েসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানও প্রায় সমপরিমাণ ব্যয় করবে। তবে গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যয়ের সঠিক হিসাব জানা যাবে নির্বাচনের পর।